কবিতা
- অচেনা। লেখক- শুভদীপ ঘোষ

শেয়ার করুন

দীর্ঘদিন একই রাস্তায় চলতে চলতে

চেনা হয়ে যায় রাস্তার ধারের প্রতিটি বিল্ডিং,

প্রতিটি দোকান।

মুখস্থ হয়ে যায়—কোথায় কী আছে।

দীর্ঘদিন একই জুতো পায়ে দিলে

ভুল করে অন্য কারও জুতো পায়ে দিলেও

দেখার আগেই টের পাওয়া যায়—

অনুভব করা যায়, জুতোটা নিজের নয়।

দীর্ঘদিন একই গানের সুর শুনতে শুনতে

প্রথম সুর উঠলেই,মনে পড়ে যায় পুরো গানটা।

দীর্ঘদিন একই কলম দিয়ে লিখতে লিখতে

চোখ বন্ধ করেও বোঝা যায়—

এই কলমটা নিজের,

এর কালি কেমন,এর চলন কেমন।

কিন্তু আশ্চর্য!

বহু বছর ধরে একজন মানুষকে

দেখেও, জেনেও, চিনেও

মানুষকে চেনা যায় না।

মানুষ চেনা অসম্ভব—

একেবারেই অসম্ভব,

অসম্ভব রকম অসম্ভব। 🌑


শেয়ার করুন

মন্তব্য করুন