সাম্রাজ্য লোভী পাঠান-মোঘল করেছে শাসন,
উড়িয়েছে বিজয়ের পতাকা, দিয়েছে ভাষণ!
এই বাংলার মাঠ-ঘাট, নদী ও ঝরণা ধারায়,
আজও তাদের পদচিহ্ন এ পথেই পথ হারায়!
কত পরাক্রমশালী জমিদার দেখিয়েছে তেজ,
লুটে নিয়েছে গোলার ধান অত্যাচারী ইংরেজ!
নগর ধ্বংস হয় আবার মাথা তোলে দাঁড়ায়,
দিগ্বিজয়ী বীর তরবারি হাতে সাম্রাজ্য বাড়ায়!
মাঝি-মাল্লা দাঁড় টানে, ধরে নৌকার হাল,
নেই তার উন্নতি এমনি কাটে চিরকাল।
কৃষক বীজ বোনে, সোনার ফসল কাটে,
কৃষকের হাসি জাগে বাংলার মাঠে মাঠে!
শ্রমিকেরা গড়ে তোলে আধুনিক নগরায়ন,
জানেনা তারা এ পত্তনে কে করে অর্থায়ন?
কারখানার মজুর কলের আওয়াজ শুনে,
সুতোর চরকায় তাঁতীরা রঙিন স্বপ্ন বোনে।
আগুনে পোড়া লোহা পেটায় কামারের হাতুড়ি,
মাটির পাত্রে নকশা আঁকে কুমারের নেই চাতুরী!
কৃষক, শ্রমিক, তাঁতী, মজুর এরা কাজ করে!
রাখে না খবর রাজ্যাকাশে কখন সাঁঝ করে!
ক্ষমতার পালা বদলে কে আসে, কে যায়?
কোন দল সরকারে তাতে কি আসে যায়?
পূর্বসূরি কালের সাক্ষী থাকে সুদীর্ঘ অতীতে,
কর্মবীর মানুষ দেখে সময় চলে প্রবল গতিতে!