সন্ধ্যাবাজি
সোহন ঘোষ
ঝকঝকে ওই চাঁদ দেখি আজ, চকচকে ওই আকাশে,
শিরশিরানি করছে শরীর, ঝিরঝিরি ওই বাতাসে।
ঝিকমিকিয়ে তারার মেলা, মিটমিটিয়ে আলো ছড়ায়,
গুনগুনিয়ে গানটি গেয়ে হনহনিয়ে হেঁটে বেড়ায়।
ঝিকমিকিয়ে ট্রেনটি ছুটে, টিপটিপিয়ে জলটি পড়ে,
ঢকঢকিয়ে জল খেয়ে সে ঠকঠকিয়ে ঠোকা মারে।
ঘেউ-ঘেউ করে ডাকছে লালু, ম্যাঁও-ম্যাঁও ওই বিড়ালে,
ব্যাঁ-ব্যাঁ করে ডাকছে ছাগল, কাকার বাড়ির ওই আড়ালে।
হটহটিয়ে রাস্তা হেঁটে, খক-খকিয়ে কেশে ওঠে;
খিকখিকিয়ে আপন মনে একলা বুড়ি হেসে ওঠে।
হোঁচট খেয়ে ধপাস পড়ে দিচ্ছে শুধু গড়াগড়ি,
ভনভনিয়ে এসে মশা বড্ড করছে বাড়াবাড়ি।
হৈ হৈ! রৈ রৈ! মার্ মার্! কাট্ কাট্! করে কে ওই চিৎকার?
এইবেলা! এইবেলা! সরে পড়া ভীষণ দরকার!
২০ /০৫ / ২০২৬ ( পূর্ণভারতী )
