ব্রাহ্মণকুলে জন্ম কারো কেউ নমশূদ্র,
কেউ অতি উচ্চ বর্ণের কেউ অতি ক্ষুদ্র!
কাক হয়ে অনেকেই ধরে ময়ূর পুচ্ছ,
সমাজে কেউ গণ্যমান্য কেউ অতি তুচ্ছ!
মেথর-মালি-মুচিরা কাজ করেই খায়,
বসে বসে উচ্চ বংশ খুব সম্মান পায়!
ময়লা-কাদা-আবর্জনা মেথর করে সাফ,
উচ্চ বংশে জন্ম নিলেই সাত খুন মাফ!
এরা সব ছোটলোক পোশাকে আর আশাকে,
ভয় করে সর্বদাই মন্ত্র-শ্লোকের ভাষা কে!
তাদের মুখে বাংলাটাও ভালো করে আসেনা,
অবহেলাই পায় কেবল কেউ ভালবাসে না!
না জানে শৃঙ্খলা জানে না কানুন কায়দা,
উচ্চ বংশ তাদের থেকে লুটে নেয় ফায়দা!
মরার পরে ব্রাহ্মণ-চণ্ডাল দাহ এক শ্মশানে,
ভালবাসা না পেয়ে তারা বুক বাঁধে পাষাণে!
বাম দিকে হাঁটে কেউ, কেউ যায় ডাইনে,
এ জাতির ভবিষ্যৎ কি ভেবে আমি পাই নে!
ছোটলোক না থাকলে কোথায় যেত বাবুগিরি?
ছোট লোকের মাথাগুলোই উপরে উঠার সিঁড়ি!
একই রক্ত-মাংসে গড়া সকল মানুষই সমান,
ছোট-বড় নেই ভেদাভেদ রক্তলাল-এ প্রমাণ!